দুই সপ্তাহ আগে মহেশখালীতে বিকল হয়ে পড়া এলএনজি টার্মিনালটি আংশিক চালু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় টার্মিনালটি পুনরায় সচল করা হয়। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
টার্মিনালটি বিকল হওয়ার আগে এতে আগুন ধরে গিয়েছিল বলে জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এরপর এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বন্ধ হয়ে গেলে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে।
উল্লেখ্য, সমুদ্রপথে আনা এলএনজি গ্রহণ ও সংরক্ষণের জন্য ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ ব্যবহার করা হয়। সেখানে এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করার পর পাইপলাইনের মাধ্যমে তা জাতীয় গ্রিডে পাঠানো হয়।





