সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণঅভ্যুত্থান সফল হয়েছে: মাহদী আমিন

প্রকাশ:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সব শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সম্মিলিত অংশগ্রহণে চব্বিশের গণঅভ্যুত্থান সফল হয়েছে। ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে সেদিন শিক্ষার্থী, দিনমজুর, হকার, রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক, কৃষক ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ সর্বস্তরের জনগণ রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে মাহদী আমিন শহিদ আবু সাঈদ ও শহিদ ওয়াসিম আকরামসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আত্মদানকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা, যেখানে সমতা ও সামাজিক ন্যায্যতা নিশ্চিত হবে। তিনি শহিদদের মায়েরা যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন, তা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মাহদী আমিন উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১৬ বছরের লড়াইয়ে বিএনপি সবচেয়ে বেশি গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছে। তিনি জানান, যেহেতু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। এছাড়া গণঅভ্যুত্থানে বিএনপির ৪০০-এর বেশি এবং সহযোগী সংগঠন ছাত্রদলের ১৪০ জনের বেশি নেতাকর্মী শহিদ হয়েছেন। তিনি আরও বলেন, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনালগ্ন থেকেই তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ও তাদের ঢাল হিসেবে কাজ করার স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, যা আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উপদেষ্টা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় আন্তর্জাতিক দরবারে স্বৈরাচারের নির্মমতা তুলে ধরেছেন এবং রেমিট্যান্স শাটডাউনের ডাক দিয়ে ফ্যাসিবাদের অর্থনৈতিক ভিত নাড়িয়ে দিয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা জীবনের ঝুঁকি নিয়ে প্রোপাগান্ডা রুখে দিতে ডিজিটাল ফ্রন্টে লড়াই করেছেন। তিনি নারীদের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, মায়েরা তাদের সন্তানদের বাঁচাতে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, যা জাতিকে চূড়ান্ত লড়াইয়ে উদ্বুদ্ধ করেছে।

ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দেশপ্রেম ধারণ করে ভিন্ন মত ও আদর্শের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন