সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার

প্রকাশ:

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আলবিসেলেস্তে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। একই সঙ্গে যারা এই পরাজয় নিয়ে ট্রোল করেছেন বা আর্জেন্টাইনদের কষ্ট উপভোগ করেছেন, তাদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন এই লিভারপুল তারকা।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় ২৭ বছর বয়সি এই ফুটবলার জানান, জয়ের খুব কাছাকাছি গিয়ে হারার কষ্ট অনেক বেশি, তবে এবারের বিশ্বকাপে অর্জিত অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারবে না। প্রতিকূলতার মুখে দলের ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, তারা সবাই একত্রে অনেক কিছু অতিক্রম করেছেন এবং একসঙ্গে তারা যে কারো চেয়ে বেশি শক্তিশালী।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের একটি ছবি পোস্ট করে ম্যাক অ্যালিস্টার ২০২২ সালে বুয়েনস আইরেসের রাস্তায় বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপনের স্মৃতিচারণ করেন। তিনি জানান, এবারের টুর্নামেন্টও সমর্থক ও জাতীয় দলের মধ্যে এক অবিশ্বাস্য বন্ধন তৈরি করেছে। রানার্সআপ পদক গ্রহণের সময় স্টেডিয়ামে সমর্থকদের গান এবং বুয়েনস আইরেসে বৃষ্টি ও প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ভক্তদের উষ্ণ অভ্যর্থনার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। সমর্থকদের এই পাগলামি বা ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের মা মারিয়া সিলভিনা রিয়েলার স্মৃতি থেকে অনুপ্রেরণা নেওয়া ম্যাক অ্যালিস্টার দলের নেপথ্যে থাকা কর্মী ও পরিবারকেও ধন্যবাদ জানান। পরিশেষে সমালোচকদের কড়া জবাব দিয়ে তিনি বলেন, অন্য দেশের যেসব মানুষ তাদের কষ্ট উপভোগ করেছেন বা ট্রোল করেছেন, তাদের এই আচরণ আর্জেন্টাইন হিসেবে তাদের আরও বেশি গর্বিত করে তোলে।

শেয়ার করুন