আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অভিযোগ করেছেন যে, পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পে বাস্তবে কোনো কাজ না করেই প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যা আন্তর্জাতিক গণমাধ্যম টাইম-এর প্রতিবেদনে উঠে এসেছে। এই হিসাবে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল এবং উন্নয়ন প্রকল্পের আড়ালে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। ওই অর্থের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ কেনা ও ব্যাংকে বিনিয়োগ করা হলেও দেশের মানুষ এর কোনো সুফল পায়নি।
দুর্নীতির উদাহরণ দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, পিরোজপুরের এলজিইডির ওই প্রকল্পের ক্ষেত্রে কাগজে-কলমে কাজ বাস্তবায়নের তথ্য দেখানো হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। তিনি দাবি করেন, প্রকল্পে এক কেজি রড কিংবা ১০০ টাকার সিমেন্টও ব্যবহার না করেই পুরো অর্থ লুটপাট করা হয়েছে। এ ধরনের অসংখ্য প্রকল্পের অর্থ বিদেশে পাচার হয়ে বেগমপাড়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে, যার প্রকৃত হিসাব এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, অতীতের লুটপাট ও অর্থপাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিচার বিভাগ, আইনজীবী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





