বিনিয়োগের পূর্বশর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। এ লক্ষ্যেই সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা নিরাপদ পরিবেশে পুঁজি বিনিয়োগ করতে চান। জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে আগ্রহী হবেন না। সিইআইজেডসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছে এবং কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়াং, চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন