ফাইনাল ম্যাচ শেষে মাঠের ঘাসে হতাশায় নিমগ্ন হয়ে বসে ছিলেন কিংবদন্তি লিওনেল মেসি। পরাজয়ের বেদনায় কাতর আর্জেন্টাইন অধিনায়কের সেই দৃশ্য নজর এড়ায়নি স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামালের। সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের উৎসবে যোগ না দিয়ে তিনি সরাসরি ছুটে যান মেসির কাছে। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে মেসিও হাত বাড়িয়ে দেন, এরপর স্প্যানিশ তরুণ তাকে টেনে তুলে দাঁড় করান এবং দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। ওই সময় ইয়ামাল স্নেহভরে মেসির পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং মেসিও তাকে কিছু বলছিলেন, যা তখন শোনা যায়নি।
দীর্ঘদিন পর সেই বিশেষ মুহূর্তের কথোপকথন নিয়ে মুখ খুলেছেন লামিন ইয়ামাল। ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানিয়ে ইয়ামাল বলেন, তিনি সবসময় মেসির প্রশংসা করে এসেছেন এবং ম্যাচ শেষে সেই শ্রদ্ধা থেকেই তার কাছে গিয়েছিলেন।
মেসি তাকে কী বলেছিলেন, তা উল্লেখ করে ইয়ামাল জানান, আর্জেন্টাইন অধিনায়ক তাকে নিজের মতো করে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। মেসি তাকে বলেছিলেন, ভবিষ্যৎ এখন তাদের প্রজন্মের হাতে। ইয়ামালের কাছে মেসির এই কথাগুলো গলায় ঝুলানো স্বর্ণপদকের মতোই মূল্যবান।





