যুক্তরাষ্ট্রের ২০০১ সালের ভয়াবহ নাইন-ইলেভেন (৯/১১) সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ এবং তার তিন সহযোগীর বিচার প্রক্রিয়া আবারও নতুন তারিখ পেয়েছে। মার্কিন সামরিক বিচারক, বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ. শ্রামা এক রুলে আগামী ২০২৮ সালের ৫ জুন এই বিচারকাজ শুরুর দিন নির্ধারণ করেছেন।
বিচারক এই সময় নির্ধারণের ক্ষেত্রে প্রসিকিউটরদের প্রস্তাবিত ২০২৭ সালের জানুয়ারির তারিখটি গ্রহণ করেননি। বরং বিচারপূর্ব আইনি জটিলতা এবং সাক্ষ্যপ্রমাণ সংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য অতিরিক্ত ১৮ মাস সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই বিচারকাজ সম্পন্ন হওয়া নির্ভর করছে নির্ধারিত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়াগুলো সফলভাবে শেষ হওয়ার ওপর। এর আগে ২০২১ সালেও একবার বিচারের তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা বাতিল হয়ে যায়।
অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে ছিনতাই করা বিমান ব্যবহার করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার মূল পরিকল্পনা ও নির্দেশনার অভিযোগ রয়েছে। তার অপর তিন সহযোগীর মধ্যে রয়েছেন ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী ও মুস্তফা আল-হাওসাওয়ি। বর্তমানে তারা সবাই কিউবার গুয়ান্তানামো বে-তে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বন্দি রয়েছেন।





