আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর ডা. খায়রুল ইসলামকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হাসিন জাহান বলেন, ‘ডা. খায়রুলের প্রয়াণ বাংলাদেশের জনস্বাস্থ্য ও ওয়াশখাতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ এই প্রখ্যাত ব্যক্তির মৃত্যুতে পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য খাতে কর্মরতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, চলতি মাসেই তার ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে অবসর নেওয়ার কথা ছিল।
মরহুমের জানাজার বিষয়ে জানা গেছে, তার ছেলে অর্ক যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। আগামীকাল শনিবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর রায়েরবাজারে তাকে দাফন করা হতে পারে।
ডা. খায়রুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠান (নিপসম) এবং যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জনস্বাস্থ্য, পানি ও স্যানিটেশন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কাজের পাশাপাশি তিনি একজন লেখক ও গবেষক হিসেবেও সমধিক পরিচিত ছিলেন।





