বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করেছে বিশ্বখ্যাত কুইক-সার্ভিস রেস্তোরাঁ (কিউএসআর) চেইন কেএফসি। ইয়াম! ব্র্যান্ডস-এর সহযোগী প্রতিষ্ঠানটি ২০০৬ সালের সেপ্টেম্বরে ঢাকার গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মাধ্যমে দেশের বাজারে তাদের যাত্রা শুরু করেছিল। ট্রান্সকম গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করা এই আন্তর্জাতিক ফুড ব্র্যান্ডটি বর্তমানে দেশের ৬টি প্রধান বিভাগের ১০টিরও বেশি শহরে তাদের রেস্তোরাঁ নেটওয়ার্ক বিস্তৃত করেছে। বিগত দুই দশকে আন্তর্জাতিক মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয়েছে।
দুই দশকের এই বিশেষ মাইলফলক অর্জনের বিষয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, “ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির সূচনা হয়েছিল, যা সময়ের সাথে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। গ্রাহকদের হাসিমুখই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। কর্মসংস্থান সৃষ্টি ও সমাজের নানা উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে আমরা এই পথচলা অব্যাহত রেখেছি।”
অনন্য রেসিপি, ডিজিটাল সুবিধা এবং আন্তরিক গ্রাহকসেবার সমন্বয়ে কেএফসি এখন তাদের তৃতীয় দশকের যাত্রা শুরু করতে যাচ্ছে। ২০ বছর পূর্তির এই উদযাপনে বছরজুড়ে গ্রাহকদের জন্য বিভিন্ন ছাড়, আকর্ষণীয় অফার এবং রেস্তোরাঁগুলোতে উৎসবমুখর নানামুখী আয়োজনের ঘোষণা দিয়েছে কেএফসি বাংলাদেশ।





