সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি থাকা ১১১ জন রোগীর মধ্যে ৪২ জনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। ক্রমবর্ধমান এই রোগীর চাপ সামলাতে কর্তৃপক্ষ হাসপাতালের পঞ্চম তলায় নতুন করে একটি আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করতে বাধ্য হয়েছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাসেল জানান, হাসপাতালটিতে মোট ১০০টি শয্যা থাকলেও বর্তমানে জনবল, ওষুধ এবং খাবার সরবরাহের সক্ষমতা রয়েছে মাত্র ৫২ জন রোগীর জন্য। অথচ এর বিপরীতে ১১১ জন রোগী বিভিন্ন রোগের চিকিৎসা নিতে ভর্তি রয়েছেন। আক্রান্ত রোগীদের একটি বড় অংশ গাজীপুরের কোনাবাড়ীর বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মরত। কর্মস্থলে জ্বরে আক্রান্ত হওয়ার পর তারা চিকিৎসার জন্য কাজীপুরে নিজ এলাকায় ফিরে এসেছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ওষুধ, জনবল, পরিচ্ছন্নতা এবং কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব রয়েছে। রোগী ছাড়া হাসপাতালের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট রয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সেবাপ্রত্যাশীরা অনতিবিলম্বে হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য জোরালো তাগিদ দিয়েছেন।
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২: ৩২আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২: ৫৯
গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য ৫ম তলায় আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।





