পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন, প্রধান শিক্ষক সামছুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং পুরোহিত জ্যোতিময় রতন চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বিদায়ী বক্তব্যে মো. আসাদুজ্জামান কাউখালীতে দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে স্থানীয় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তিনি কখনো ভুলবেন না। প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাউখালীর সবাই মিলে কাজ করেছেন। তাঁর মূল লক্ষ্য ছিল উপজেলা প্রশাসনকে একটি জনবান্ধব ও স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত করা। শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন বলেও জানান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বিদায়ী অনুভূতি ব্যক্ত করেন। উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।





