পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে আনন্দ-গুলি বর্ষণের ঘটনায় এক নারী নিহত এবং অন্তত ৯৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) এধি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জন নারী, ১৭ জন শিশু এবং ৫৯ জন পুরুষ রয়েছেন। ঘটনার পরপরই আহতদের চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টার, সিভিল হাসপাতাল এবং আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে জিন্নাহ হাসপাতালে ৩৫ জন, সিভিল হাসপাতালে ২৬ জন এবং আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শহরের বিভিন্ন এলাকা থেকে এ গোলাগুলির খবর পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে লিয়ারি, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, নর্থ নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টার্স ও ডিফেন্স এলাকা।
পুলিশ জানিয়েছে, ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে করাচির পূর্ব, পশ্চিম ও মধ্য জেলা থেকে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীনতা দিবসে আনন্দ-গুলি ছোড়ার কারণে করাচিতে হতাহতের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০২৫ সালে একই ধরনের ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৭৫ জন আহত হয়েছিলেন এবং ২০২৪ সালে প্রায় ৯৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।





