ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

প্রকাশ:

জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বর্তমানে অভিনয়ে অনিয়মিত এবং দীর্ঘ দিন ধরে নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সোমবার সন্ধ্যায় নিজের বর্তমান পরিস্থিতির কথা জানাতে তিনি ফেসবুক লাইভে আসেন। লাইভে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং নিজেকে ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত বলে দাবি করেন। তিনি বলেন, 'এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।'

লাইভে অভিনেত্রী অভিযোগ করেন যে, তিনি কাজ পাচ্ছেন না এবং একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে একঘরে করে রেখেছে। বিভিন্ন গ্রুপিংয়ের কারণে পেশাগত জীবনে তাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তিনি। দীর্ঘ সময় ধরে তাকে নিয়ে ট্রল, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, তিনি নিজেকে 'হেল্পলেস' বা অসহায় অনুভব করছেন। বর্তমান সরকারের কাছে তিনি এ পরিস্থিতির একটি সুরাহা করার আবেদন জানিয়েছেন।

জ্যোতিকা জ্যোতির রাজনৈতিক পরিচয় ও অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। তিনি বহুল আলোচিত 'আলো আসবেই' হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ সমর্থক শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তাকে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তখন তাকে অফিসকক্ষে আটকে রাখার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সে সময় ফেসবুক লাইভে এসে জ্যোতি জানিয়েছিলেন, পরিস্থিতির কারণে অফিসে যেতে নিরুৎসাহিত করা হলেও চাকরির দায়িত্ববোধ থেকে তিনি অফিসে গিয়েছিলেন। সেখানে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখে মহাপরিচালকের পরামর্শে তিনি অফিস ছাড়েন।

শেয়ার করুন