আল-আকসার পরিস্থিতি নিয়ে জর্ডানের জরুরি বৈঠক

প্রকাশ:

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ইসরাইলের দখলে চলে যাওয়ার আশঙ্কায় জরুরি বৈঠক ডেকেছে জর্ডান। আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আয়োজিত এই বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় কঠোর বার্তা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জর্ডান আশঙ্কা করছে যে, পবিত্র এই স্থানের বর্তমান স্থিতাবস্থায় কোনো ধরনের পরিবর্তন আনা হলে তা পুরো মুসলিম বিশ্বে বড় ধরনের ধর্মীয় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বুধবার অনুষ্ঠেয় এই বৈঠকে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মূলত ইসরাইলি উগ্রপন্থিদের ধারাবাহিক প্ররোচনা ও আল-আকসা প্রাঙ্গণে অবৈধ প্রবেশের ঘটনার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ২৩ জুলাই ইসরাইলের উগ্র জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় দুই হাজার ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করে। জর্ডানের হাশেমী রাজপরিবারের তত্ত্বাবধানে থাকা এই পবিত্র স্থানে কেবল মুসলিমদের ইবাদতের বিধান রয়েছে। আম্মান এই ঘটনাকে আধুনিক ইতিহাসের অন্যতম গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। এছাড়া আগামী সেপ্টেম্বরের ইহুদি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বৈঠকে ফিলিস্তিনিদের জর্ডানে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো ইসরাইলি প্রচেষ্টাকে 'রেড লাইন' হিসেবে ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সাফাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জর্ডানের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে গাজা সংকট ও আল-আকসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার জেরে তেল আবিব জর্ডানের পানির অংশীদারত্ব কমিয়ে দেওয়ায় দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন আরও চরমে পৌঁছেছে।

শেয়ার করুন