জবি বাস ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম উপাচার্যের

প্রকাশ:

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ বহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানায় গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এই আল্টিমেটাম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

ঘটনার সূত্রপাত ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুর এলাকায়। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসারের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরবর্তীতে কাওসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে এর গতিরোধ করেন। এ সময় কাওসার ও অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করেন।

এ হামলায় পূর্ণিমা, আখি আক্তার ও রিনভি নামের তিন শিক্ষার্থী এবং বাসচালক মো. সাজ্জাদ হোসেনসহ মোট ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বাসচালক বাদী হয়ে মঙ্গলবার সিংগাইর থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি কাওসার বর্তমানে পলাতক রয়েছেন। দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০-২৫০ শিক্ষার্থী সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান নেন। ওসি মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ সংশ্লিষ্টরা।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৬

শেয়ার করুন