রবিবার (২৩ আগস্ট) ভোরে জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের তীব্রতা মাপার জাপানি স্কেলে ইবারাকির কয়েকটি এলাকা ও মধ্য টোকিওতে সর্বোচ্চ ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এছাড়া সাইতামা ও চিবা প্রিফেকচারের বিভিন্ন এলাকাতেও একই মাত্রার কম্পন অনুভূত হয়। আহতদের মধ্যে সাইতামার এক তরুণ এবং ৭০ বছর বয়সী এক নারী রয়েছেন। এছাড়াও কানাগাওয়া প্রিফেকচারে ৯ জন এবং চিবা প্রিফেকচারে ৪ জন আহত হয়েছেন।
ভূমিকম্পের প্রভাবে জাপানের বিভিন্ন এলাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কিছু ট্রেন ধীরগতিতে চলেছে এবং তোবু রেলওয়ের বেশ কয়েকটি দ্রুতগামী ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে। তবে ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতি দ্রুত যাচাই করে জনগণকে সময়মতো তথ্য প্রদানের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।





