২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী বৃহস্পতিবার

প্রকাশ:

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামী ৮ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীটি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা ও সৃজনশীলতার এক মেলবন্ধন হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিত থাকার কথা রয়েছে। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।

প্রদর্শনীটিতে শিক্ষার্থীদের তৈরি বৈজ্ঞানিক ও শিল্পকর্মের এক বিশাল সংগ্রহ তুলে ধরা হবে। প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে তৈরি ৩০৮টি চারু ও কারুকলার কাজ প্রদর্শিত হবে। পাশাপাশি পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটিয়ে ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে। দিবা শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণও থাকছে বেশ প্রাণবন্ত; সেখানে প্রাথমিক বিভাগের প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি সৃজনশীল কাজ প্রদর্শনীতে স্থান পাবে। আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী দক্ষতার নানা দিক তুলে ধরা হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহী করে তোলা। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রতিভাগুলো বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং অতিথিদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন