বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তার ব্যক্তিগত ছবি ও ভিডিওর অবৈধ ব্যবহারের প্রতিবাদে। অভিযোগ রয়েছে যে, তার অনুমতি ছাড়াই তার চেহারা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ‘অশ্লীল কন্টেন্ট’ তৈরি করে ব্যবসা চালানো হচ্ছে। বর্তমান সময়ে ডিপফেক ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারসাজিতে ফ্যান পেজগুলোর দৌরাত্ম্য তারকাদের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে অনেক বলিউড তারকা একই ধরনের প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) এই মামলার শুনানিতে দিল্লির উচ্চ আদালত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, অভিনেত্রীর অনুমতি ব্যতীত তার কোনো ছবি বা ভিডিও বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। তবে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় আদালত ফ্যান পেজগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদনটি খারিজ করে দিয়েছেন।
আদালতের মতে, তারকা হওয়ার অর্থ এই নয় যে ভক্তদের সব ধরনের মতামত বা আবেগ জোর করে চেপে রাখা যাবে। বিচারক মন্তব্য করেন, কোনো আলোকচিত্রীর তোলা ছবি অন্য কেউ বিক্রি করলে কপিরাইটের জটিলতা থাকতে পারে, কিন্তু কেবল তারকা রয়েছেন বলেই তা সরাসরি বে-আইনি বলা যায় না। জাহ্নবীর আইনজীবীরা পাঁচ হাজারের বেশি বিতর্কিত লিঙ্কের তালিকা আদালতে জমা দিলেও, বিচারক জানিয়েছেন যে ব্যক্তিত্বের অধিকার রক্ষার অজুহাতে সাধারণ মানুষের স্বাভাবিক মতপ্রকাশের মৌলিক অধিকার খর্ব করা সম্ভব নয়। এই রায়ে অভিনেত্রী কিছুটা স্বস্তি পেলেও ফ্যান পেজ নিষিদ্ধের আবেদন খারিজ হওয়ায় তাকে একটি আইনি ধাক্কাও সামলাতে হয়েছে।





