৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

প্রকাশ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। ছয় দফা দাবিতে আয়োজিত এই লংমার্চে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করার পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নেবে এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে যোগ দেবেন।

কর্মসূচির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, লংমার্চ সফল করতে অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহণ, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক এবং সংস্কৃতিসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বণ্টন করে বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে গত ২৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং রুট ও পথসভার স্থানগুলো সম্পর্কে অবহিত করা হয়েছে।

জামায়াত সেক্রেটারি উল্লেখ করেন, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন এড়াতে মহাসড়কের একটি অংশ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে বড় কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তি হতে পারে জানিয়ে তিনি দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই কর্মসূচি সফল করে তুলবে। প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন