টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার ধাক্কা সামলে জাতীয় দলকে নতুনভাবে ঢেলে সাজাতে মরিয়া ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন নতুন প্রধান কোচের সন্ধানে রয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি নিশ্চিত করেছেন যে, পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা চললেও স্প্যানিশ এই কোচ তাদের প্রথম পছন্দ ছিলেন না। এর আগে ফেডারেশন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল।
গত এপ্রিলে টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলার সুযোগ হারানোর পর জেন্নারো গাত্তুসো কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই তার উত্তরসূরি খুঁজছে ফেডারেশন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কিংবদন্তি ডিফেন্ডার ও টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি বলেন, বিশ্বের সেরা কোচদের মাধ্যমেই নতুন প্রকল্প শুরু করতে চায় ইতালি। তিনি বলেন, আমরা এটা লুকাতে চাই না যে, পেপ গার্দিওলার সঙ্গে কথা বলার আগে কার্লো আনচেলত্তির সঙ্গেও আলোচনা করেছি। যাদের আমরা বিশ্বের সেরা মনে করি, তাদের দিয়ে শুরু করাকেই যৌক্তিক মনে হয়েছে আমাদের কাছে। উল্লেখ্য, আনচেলত্তি বর্তমানে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিল বিদায় নিলেও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনো ইতালিয়ান এই কোচের ওপর আস্থা বজায় রেখেছে।
মালদিনি জানিয়েছেন, ইতালিয়ান ফুটবল ফেডারেশন সপ্তাহের শেষ নাগাদ নতুন কোচ নিয়োগ দিতে চায়, তবে দ্রুত সিদ্ধান্তের চেয়ে সঠিক ব্যক্তিকে বেছে নেওয়াকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে, ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের তথ্যমতে, পেপ গার্দিওলা ইতালির দায়িত্ব নিতে বছরে ২ কোটি ইউরো পারিশ্রমিক চেয়েছেন, যা ফেডারেশনের প্রস্তাবিত অর্থের প্রায় দ্বিগুণ। এছাড়া গার্দিওলা তার পরিবারের সঙ্গে বার্সেলোনায় সময় কাটাতে আগ্রহী, যা আলোচনাকে আরও জটিল করেছে। মালদিনি এ বিষয়ে নতুন কোনো তথ্য দিতে রাজি হননি। মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়া গার্দিওলা দীর্ঘ এক দশকে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
তবে গার্দিওলাকে জাতীয় দলের কোচ করার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন ইতালিয়ান অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুয়োনফিলিও। তার মতে, ইতালির জাতীয় দলের দায়িত্ব কোনো বিদেশি কোচের হাতে দেওয়া উচিত নয়। গার্দিওলা ছাড়াও সম্ভাব্য তালিকার মধ্যে রয়েছেন ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা আন্তোনিও কন্তে, সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো এবং ২০২১ সালে ইতালিকে ইউরো জেতানো রবের্তো মানচিনি। বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার পর এই কোচ নির্বাচনকে ইতালিয়ান ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।





