হামাসের নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরাইলি বাহিনী

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিস জানিয়েছে, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে না। সোমবার (৩ আগস্ট) পশ্চিম জেরুজালেমে বোর্ডের পরিচালক নিকোলাই ম্লাদেনভ ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এই কঠোর অবস্থানের কথা জানানো হয়।

বোর্ড অব পিস স্পষ্ট করেছে যে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু খবর সঠিক নয়। হামাস মধ্যস্থতাকারীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার ভিত্তিতে সব ধরনের হালকা ও ভারী অস্ত্র এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসের কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার পরই ইসরাইলি সেনাবাহিনী গাজার ভেতরে তাদের বর্তমান অবস্থানের সীমারেখা বা ‘ইয়েলো লাইন’-এর পেছনে সরে যাবে। বোর্ডের মূল লক্ষ্য হলো গাজায় সব ধরনের অস্ত্রের অবসান ঘটিয়ে সশস্ত্র শাসনের পরিবর্তে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা।

বৈঠক সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ম্লাদেনভ নেতানিয়াহুকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানালেও ইসরাইল এখন পর্যন্ত তাতে সম্মত হয়নি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজারের বেশি। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এক হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং নিরস্ত্রীকরণ চুক্তি ঘোষণার পরও ৩৬ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে হামাস জানিয়েছে, ইসরাইল চুক্তির নিজস্ব শর্ত পূরণ না করলে তারা এই সমঝোতা বাস্তবায়ন করবে না। এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রকাশিত চুক্তির খসড়া ইসরাইলের অবস্থান পুরোপুরি তুলে ধরে না এবং তাদের আপত্তির বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। ইসরাইলের কট্টরপন্থী জোট সরকারের কয়েকজন মন্ত্রীও এই চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ নতুন করে মন্ত্রিসভায় ভোটের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন