ইরান যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন লিওন প্যানেটা

প্রকাশ:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ আরও ছয় মাস স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। তিনি মনে করেন, ট্রাম্প এই সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন এবং বর্তমান পরিস্থিতিতে যুদ্ধটি মধ্যপ্রাচ্যের আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা প্রশাসনের সাবেক এই সিআইএ পরিচালক বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে যে ভয়াবহ অচলাবস্থায় আটকে আছে, তা থেকে বের হওয়ার বিকল্প খুব কম। তিনি স্পষ্ট করেন, সমাধান ছাড়াই এই যুদ্ধ আরও ছয় মাস চলার সম্ভাবনাই বেশি এবং এটি ইরাক ও আফগানিস্তানের মতো আরেকটি ব্যর্থ যুদ্ধে পরিণত হতে পারে।

প্যানেটা বর্তমানে পেন্টাগনের কমান্ড কাঠামোয় ব্যাপক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্যানেটা বলেন, এমন এক সময়ে সেনাসদস্যরা যুদ্ধে যাচ্ছেন যখন মনে হচ্ছে আসলে কেউই দায়িত্বে নেই। সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর বেসামরিক প্রধান ড্যান ড্রিসকলের পদত্যাগ এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কর্মকর্তাদের মতবিরোধের বিষয়টি উল্লেখ করে প্যানেটা বলেন, জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা সেনাসদস্যদের যথাযথ সহায়তা দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। এছাড়া, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে সামরিক অভিযান শুরুর তিন সপ্তাহ পর প্যানেটা গার্ডিয়ানকে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে সহায়তা করতে জাহাজটি ২৬০ দিনের বেশি সময় কোনো বন্দরে না থেমে মোতায়েন ছিল, যা সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে।

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রীর মতে, বর্তমান বিশ্ব অত্যন্ত বিপজ্জনক এবং ইরান, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে দেখছে। তিনি বলেন, ট্রাম্পের সামনে এখন তিনটি বিকল্প রয়েছে—প্রথমত, যুদ্ধ থেকে সরে এসে ব্যর্থতা স্বীকার করা, যা ট্রাম্পের পক্ষে করা কঠিন। দ্বিতীয়ত, বর্তমান অচলাবস্থা দীর্ঘায়িত করা, যেখানে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাবে কিন্তু কোনো পক্ষই আলোচনায় বসবে না। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, যাতে ইরানের এই গুরুত্বপূর্ণ পথে প্রভাব বিস্তারের সক্ষমতা কেড়ে নেওয়া সম্ভব হয়।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল প্যানেটার এই বিশৃঙ্খলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, প্রতিরক্ষা বিভাগে কোনো বিশৃঙ্খলা নেই এবং বর্তমান পরিবর্তনগুলো সংস্কারেরই অংশ। তবে প্যানেটা মনে করেন, ট্রাম্প বারবার যুদ্ধ শেষ হওয়ার মিথ্যা দাবি করে নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন এবং অধিকাংশ আমেরিকান এই সংঘাতের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

শেয়ার করুন