প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক জাহাজে এ যাবতকালের সবচেয়ে বড় পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের সংকটের মুখে পড়েছে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যে এটিই দুই পক্ষের সবচেয়ে বড় পালটাপালটি হামলার ঘটনা।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলার দাবি করেছে। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এসব পালটাপালটি হামলার ঘটনায় অন্তত একজন নাবিক নিহত এবং আরও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
একই সময়ে ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জর্ডান কর্তৃপক্ষের দাবি, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পতিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, সব মার্কিন সেনা বর্তমানে নিরাপদে আছেন।





