ইরানে মার্কিন হামলা অব্যাহত, ট্রাম্পের হুমকির মুখে ডেমোক্র্যাটদের উদ্বেগ

প্রকাশ:

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১২তম রাতের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতুসহ বিভিন্ন নাগরিক অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্পের এই বিতর্কিত বক্তব্যের পর মার্কিন রাজনীতিতে তীব্র সমালোচনার ঝড় উঠেছে, বিশেষ করে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা এর কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের মতে, বেসামরিক পরিকাঠামো ধ্বংসের কৌশল আন্তর্জাতিক যুদ্ধরীতির সরাসরি লঙ্ঘন। তবে সামরিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর বক্তব্যের সঙ্গে পেন্টাগনের মাঠপর্যায়ের সামরিক অভিযানের ধরনে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত মার্কিন সামরিক হামলাগুলো নির্দিষ্ট ও পরিমাপযোগ্য সীমার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে মার্কিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ট্রাম্পের এই আক্রমণ ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ রয়েই গেছে।

এদিকে, এই পরিস্থিতির বিপরীতে ইরানও একই ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, যদি আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি বাধাগ্রস্ত হয়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন মিত্রদের তেল বিক্রি ও সরবরাহব্যবস্থা পুরোপুরি অচল করে দেওয়া হবে।

শেয়ার করুন