যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্থগিতের ঘোষণা দিল ইরান

প্রকাশ:

মার্কিন বাহিনীর অব্যাহত হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (মওইউ) আওতায় দেওয়া নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের কারিগরি আলোচক দলের প্রধান এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এই তথ্য জানিয়েছেন। ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

গরিবাবাদি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরিকাঠামোগত প্রতিশ্রুতিগুলোর সবগুলোই লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, একদিকে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে এবং অন্যদিকে ইরান নিজেদের দেশ রক্ষায় ব্যস্ত রয়েছে। এই পরিস্থিতির কারণে তেহরান তাদের দেওয়া সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন স্থগিত করেছে। ইরানের কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছিলেন এবং আগ্রাসন অব্যাহত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টার মধ্যে এই যুদ্ধ পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। ইরান তখন মার্কিন ঘাঁটিতে হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। প্রায় ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ১৭ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর কথা ছিল। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে পুনরায় সংঘাত শুরু হওয়ায় সেই যুদ্ধবিরতি ভেস্তে যায় এবং এখন সমঝোতা স্মারকটিও কার্যত বাতিল বলে গণ্য হচ্ছে।

শেয়ার করুন