যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ইতিবাচক বার্তা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কারেম গরিবাবাদি। তবে এই বার্তাগুলোর ধরন কী বা সেগুলো কোন পর্যায় থেকে আসছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
তেহরান-ভিত্তিক সাংবাদিক ওয়েসাম বাহরানি আলজাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টরের সংখ্যা কমে আসছে এমন খবরের মাঝে ইরানের সঙ্গে আলোচনার বর্তমান অবস্থা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই উপপররাষ্ট্রমন্ত্রী কারেম গরিবাবাদি বার্তা পাওয়ার বিষয়টি সামনে এনেছেন।
সাংবাদিক বাহরানির ভাষ্যমতে, ইরানিরা এই আলোচনা এগিয়ে নিতে কিছু পূর্বশর্তের ওপর জোর দিচ্ছে। এর মধ্যে ওমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি নিষ্পত্তি করা এবং সেখানে একটি চুক্তি সম্পন্ন করা জরুরি। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের দিক থেকে নতুন সীমানা নির্ধারণের বিষয়টিকেও আলোচনার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।





