ইরানের পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর জ্বালানি বহনকারী একটি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন।
জানা গেছে, ট্যাংকারটি হামেদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। সানান্দাজের গভর্নর আরশাদ জাহেদ জানিয়েছেন, ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি ইরানি কর্তৃপক্ষ।





