১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশ:

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। ইরানের বিচার বিভাগীয় তথ্যের বরাতে স্থানীয় বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) ভোরে দেশটির সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর দণ্ডপ্রাপ্ত ওমিদ বেহজাদ ও পোরিয়া সাফভাতের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার সুযোগ কাজে লাগিয়ে মোসাদ ইরানের ভেতরে একটি শক্তিশালী গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছিল। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা তাদের গ্রেপ্তার করার পর রাষ্ট্রদ্রোহিতা এবং ইসরায়েলের সঙ্গে তথ্য আদান-প্রদানের অভিযোগ প্রমাণিত হয়।

তদন্তে উঠে এসেছে, ওমিদ বেহজাদ ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে ইরানের সামরিক স্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার গোপনীয় তথ্য ও ভৌগোলিক অবস্থান মোসাদের কাছে পাচার করেছিলেন। একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এসব তথ্য ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করার কথা ছিল।

অন্যদিকে, পোরিয়া সাফভাত ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের কাছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও পাঠাতেন। বিশেষ করে ১২ দিনের সংঘাতের সময় তিনি উঁচু ভবনের ছাদ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণ করে পাঠিয়েছিলেন, যার কিছু অংশ পরবর্তীতে বিমান হামলার শিকার হয়। আদালতে এসব অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা সর্বোচ্চ আদালত বহাল রাখলে আজ তা কার্যকর করা হলো।

শেয়ার করুন