বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের অনুমতি ছাড়া এই পথ অতিক্রমের চেষ্টা করায় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার ফলে জাহাজ দুটি পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে তেহরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে যে, মার্কিন সামরিক সহায়তায় চারটি বাণিজ্যিক জাহাজ তাদের নির্দেশ অমান্য করে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করেছিল।
ইরানি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওই চারটি জাহাজকে সতর্ক করা হয়েছিল। এর মধ্যে দুটি জাহাজ পিছু হটলেও বাকি দুটি জাহাজ চলাচল অব্যাহত রাখে, যার ফলে তারা ইরানের আক্রমণের মুখে পড়ে। এই হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। ওমান উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার বিষয়টি যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) নিশ্চিত করেছে।
বিশ্বের মোট জ্বালানি ও তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়, যা বর্তমানে একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের সবকটি গুরুত্বপূর্ণ বন্দরে নৌঅবরোধ জারি করার ঘোষণা দেয়। এর জবাবে ইরান কঠোর অবস্থান নিয়ে জানিয়ে দেয় যে, তেহরানের আগাম অনুমতি বা নিয়ম না মেনে মার্কিন সহায়তায় কোনো বাণিজ্যিক জাহাজকে এই প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না।
ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে ২ টি তেলবাহী ট্যাংকার।




