দেশের বিনিয়োগ ব্যবস্থাকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠানকে একীভূত করে গঠিত হয়েছে নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। এই নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এখন থেকে দেশের সব বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম এই সংস্থাটির মাধ্যমেই পরিচালিত হবে।
এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) মাধ্যমে পৃথকভাবে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে সংস্থা তিনটির কার্যক্রম একীভূত করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ধারা ৮-এর (৫) অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হবে। এছাড়া তার নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে পরবর্তীতে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।





