তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত এই সভায় তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে এগিয়ে নিতে আগ্রহী।
মন্ত্রী বলেন, সরকারের প্রতিটি কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া এই মন্ত্রণালয়ের মূল দায়িত্ব। একই সঙ্গে, দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় গর্বের বিষয়গুলো অক্ষুণ্ন রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া মানুষের সাথে সরকারের সম্পর্ক এবং জাতীয় ঐক্যের বিষয়টিকেও মন্ত্রণালয় অগ্রাধিকার দেবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের অন্যতম কঠিন সময় হিসেবে বর্ণনা করে আন্দালিভ রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, তবে নৈতিকতার প্রশ্নে সরকার আপসহীন এবং জনগণের স্বার্থকে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে নানা সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের মধ্যেও গণমাধ্যম সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের চিত্র সাহসের সঙ্গে তুলে ধরেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় সংবাদমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্ব অবশ্যই রেগুলেট করা, কিন্তু তা কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের পর্যায়ে না যায়।
প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজে কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে মন্ত্রী বলেন, সরকার পরিচালনা একটি দলগত কাজ। তার নিজের রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের জানার অধিকার রয়েছে এবং সরকার কী করছে তা সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা করা কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব।





