আইসিসির নতুন বিশ্বকাপ ফরম্যাটে ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস

প্রকাশ:

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় ১৮ মাসের মতো সময় বাকি। এমন সময়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপের কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে ‘সুপার সিরিজ’ নামে নতুন একটি পর্ব চালুর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই ফরম্যাটে র‌্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪তম দলগুলো একে অপরের মুখোমুখি হবে এবং সেখান থেকে শীর্ষ দলটি পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। পরবর্তীতে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা পরিচালনা করা হবে।

আইসিসির এই আকস্মিক সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। তারা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা। তাদের মতে, বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার এবং নতুন দর্শক টানার যে প্রচেষ্টা চলছে, এই সিদ্ধান্ত সেই অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে। যখন ক্রিকেট তার পরিধি বিস্তারে কাজ করছে, তখন সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়া ভুল বার্তা দিচ্ছে বলে তারা মনে করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইসিসি ও অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে বিশ্ব ক্রিকেট উন্নয়নে গঠনমূলকভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে টুর্নামেন্ট শুরুর ১৮ মাসেরও কম সময় আগে এই ধরনের কাঠামো পরিবর্তন তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বাছাইপর্বের মাঝামাঝি সময়ে এমন সিদ্ধান্ত চরম অনিশ্চয়তা তৈরি করে, যা সীমিত সম্পদের ওপর নির্ভরশীল সংস্থাগুলোর জন্য বড় ধরনের পরিচালনাগত ও আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত আলোচনার অভাব নিয়েও তারা প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপের আয়োজক দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

শেয়ার করুন