বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বন্যা পরিস্থিতির সার্বিক বিবেচনায় ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডেও পরীক্ষা যথারীতি চলবে বলে কমিটি নিশ্চিত করেছে।
এই বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।





