শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ও পরীক্ষা স্থগিতের দাবির মুখেও বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বোর্ডে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষা প্রশাসন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত বা সময়সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। ফলে বুধবার সকাল ১০টা থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই তালিকায় চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পাঁচটি জেলা অন্তর্ভুক্ত নয়। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে একদল এইচএসসি পরীক্ষার্থী আন্দোলন করেন। দিনভর কর্মসূচি শেষে রাতে তারা আন্দোলন স্থগিত করলেও নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। এই ঘটনার পর থেকেই বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে রাত পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





