লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহ প্রধানের, আত্মসমর্পণ নয়

প্রকাশ:

লেবানন ও ইসরাইলের মধ্যকার চুক্তির প্রস্তাব আবারও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর শুক্রবার এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। হিজবুল্লাহর আল-মানার টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে কাসেম বলেন, তারা এই কাঠামোগত চুক্তির সম্পূর্ণ বিরোধিতা করছেন এবং এটি বাতিলের আহ্বান জানাচ্ছেন।

গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর লেবানন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকে ইসরাইল দেশটিতে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে। লেবানিজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে নিয়মিত গোলাবর্ষণ ও স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটছে। এছাড়া সীমান্তসংলগ্ন প্রায় ১০ কিলোমিটার গভীর এলাকাকে ইসরাইল নিজেদের ‘নিরাপত্তা অঞ্চল’ ঘোষণা করে সেখানে অবস্থান করছে। শুক্রবারও নাবাতিয়েহসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুন মাসের শেষ দিকে ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করেছিল। এতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। তবে কাসেম এই চুক্তিকে ‘অবৈধ, বেআইনি, অপমানজনক এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেছেন। বিশেষ করে প্রস্তাবিত ‘পরীক্ষামূলক এলাকা’ বা যাচাইব্যবস্থার সঙ্গে তারা কোনোভাবেই সম্মত নন বলে তিনি জানান।

চলতি মাসের শুরুতে রোমে অনুষ্ঠিত আলোচনার পর লেবাননের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ‘পরীক্ষামূলক এলাকা’র কার্যক্রম তদারকির জন্য একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে সমঝোতা হয়েছে, যেখানে হিজবুল্লাহর অবকাঠামো অপসারণের পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরে আলোচনার পরবর্তী দফা হওয়ার কথা থাকলেও এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি। নাঈম কাসেম বলেন, ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে তার গোষ্ঠী সমর্থন দিয়েছিল, যার লক্ষ্য ছিল আগের যুদ্ধের অবসান ঘটানো। সবশেষে তিনি দৃঢ়ভাবে বলেন, তারা মাথা উঁচু করে থাকবেন এবং কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না।

শেয়ার করুন