উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে দেশের পাঁচটি বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ঝাড়খন্ড ও এর কাছাকাছি উড়িষ্যা এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।





