যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে হামাসের প্রতিনিধিদল, নেতৃত্বে আল-হাইয়া

প্রকাশ:

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে হামাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রোববার (১৬ আগস্ট) এই প্রতিনিধিদলটি মিশরে পৌঁছায়। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে দলটি মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবে। হামাসের শীর্ষ নেতৃত্ব গ্রহণের পর এটিই আল-হাইয়ার প্রথম মিশর সফর।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, ফিলিস্তিন ইস্যুতে মিশর ও হামাসের মধ্যকার উচ্চপর্যায়ের যোগাযোগ আরও সুদৃঢ় করার অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজার বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে।

প্রতিনিধিদলে হামাসের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে রয়েছেন শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ, বিদেশে হামাসের প্রধান খালেদ মাশাল, পশ্চিম তীরে হামাসের প্রধান জাহের জাবারিন এবং আরব ও ইসলামিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধান বাসেম নাঈম।

সফরকালে হামাস প্রতিনিধিদল মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে ফিলিস্তিনের সামগ্রিক পরিস্থিতি, গাজার বর্তমান অবস্থা এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো কার্যকর ও দীর্ঘস্থায়ী করার উপায় নিয়ে আলোচনা হবে। এছাড়া গাজায় স্থিতিশীলতা বজায় রাখা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও আলোচনার টেবিলে থাকবে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মধ্যস্থতাকারী দেশগুলোর এই তৎপরতা গাজার শান্তি প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন