ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজায় পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ নিয়ে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর পরিকল্পনায় নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। সংগঠনটির একজন শীর্ষস্থানীয় নেতা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিবিসি এই পরিকল্পনার যে লিখিত খসড়া পেয়েছে, তাতে হামাসের অস্ত্র সমর্পণের ধাপ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি এবং পুরো প্রক্রিয়া বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি ঐতিহাসিক সমঝোতার ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, হামাসসহ গাজায় সক্রিয় সব সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণে ‘বোর্ড অব পিস’ একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। তার মতে, এই উদ্যোগ ভবিষ্যতে নতুন ফিলিস্তিনি প্রশাসন গঠনের পথ সুগম করবে এবং দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে। ট্রাম্প এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন।
হামাসের শীর্ষ নেতারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, চুক্তিতে সংগঠনের অস্ত্রের বিষয়টি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমে সরে যাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন যে, অস্ত্রসংক্রান্ত বিষয়ে সমঝোতা হয়েছে এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রাম্পের ভাষ্যমতে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কয়েকটি সুপরিকল্পিত ধাপে সম্পন্ন হবে। পুরো কার্যক্রম শেষ হওয়ার পর ইসরায়েল তাদের সেনা গাজা থেকে প্রত্যাহার করবে। এরপর আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী নবগঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে গাজার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
দীর্ঘদিন ধরে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনার অন্যতম বড় অচলাবস্থার কারণ ছিল। অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সর্বশেষ বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এদিকে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে মধ্যস্থতাকারী দেশগুলোর একটি বৈঠক শিগগিরই কায়রোতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা। যদিও বৈঠকের নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি, তবে এতে যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের অংশগ্রহণে আলোচনা হওয়ার কথা রয়েছে।





