গ্রিসে ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশ:

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ হেলিকপ্টারে থাকা তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’র প্রতিবেদন অনুযায়ী, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোসের নিকটবর্তী একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল এবং দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারটি সাগরের পানিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে, দুর্ঘটনার সঙ্গে পাইলটের নিয়োগের সময় নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। যদিও পাইলটের এই সাম্প্রতিক নিয়োগের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন