গ্যাস সংকটের সাময়িক সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস সংগ্রহের মাধ্যমে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে কাজ করছে সরকার। ভবিষ্যতে আন্তর্জাতিক সংকট বা যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে যেন বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট একে অপরের সঙ্গে সম্পর্কিত। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের প্রয়োজন হয়, আবার আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যেসব উৎস থেকে গ্যাস আমদানি করা হতো, তারাও এখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো অজুহাত দেখাতে চায় না। বর্তমান সরকার গ্যাসের ক্ষেত্রে পুরোপুরি আমদানি নির্ভর না হয়ে দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস সংগ্রহের পাশাপাশি সংকটের একটি স্থায়ী সমাধান করতে চায়। ২০২২ সালের আগস্টে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশে জ্বালানি সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তখন অফিসের সময়সূচি পরিবর্তন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। মাত্র ছয় মাস দায়িত্ব পালন করা বর্তমান সরকারের ওপর অতীতের সব দায় চাপানো ঠিক নয়। তিনি বলেন, কোনো সমস্যার স্থায়ী সমাধানের জন্য দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
অনুষ্ঠানে তরুণদের একাধিক ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে প্রেস সচিব বলেন, তিন থেকে চারটি ভাষা শিখলে তরুণরা বাংলাদেশে বসেই বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে। তিনি এ বিষয়ে ইআরএফকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ সম্ভব উল্লেখ করে তিনি বলেন, তরুণদের বৈষয়িক কর্মক্ষেত্রে অংশ নিতে একাধিক ভাষা শেখাকে অগ্রাধিকার দিতে হবে এবং এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন।
ইআরএফের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ অনুষ্ঠানে বলেন, দৈনন্দিন রিপোর্টিংয়ের ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি চীনা, জাপানি ও ফরাসি ভাষার প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। হেডম্যান একাডেমির প্রতিষ্ঠাতা মো. ইমাম হোসেন বলেন, আনন্দদায়ক পরিবেশে ভাষা শিক্ষা সবচেয়ে কার্যকর। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা জানান, সদস্যদের ভাষা শেখার সুযোগ তৈরি করতে দীর্ঘদিন ধরে ভাষা ক্লাবের পরিকল্পনা ছিল, যা বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ সহজ করবে।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় একটি সরকার ক্ষমতায় থাকার পর যুদ্ধের মতো বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকটের কারণে যদি অফিসের সময় পরিবর্তন করতে হয়, তাহলে মাত্র ছয় মাস দায়িত্বে থাকা বর্তমান সরকারের ওপর অতীতের সব দায় চাপানো ঠিক হবে না।





