দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের জন্য একটি নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়াটি বর্তমানে তাদের বিবেচনায় রয়েছে।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করা এবং কোনো সংকটকালীন পরিস্থিতিতে বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো। তবে এই নীতিমালা নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হওয়ায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি প্রেস রিলিজের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট করেছে।
বিভাগটি নিশ্চিত করেছে যে, এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। এছাড়া কোনো বিশেষ ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যেও এটি পর্যালোচনা করা হচ্ছে না। জনস্বার্থ, স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হলেই কেবল নীতিমালাটি চূড়ান্তকরণের বিষয়টি বিবেচনা করা হবে।
চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব অংশীজনের মতামত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তাই বিভ্রান্তিকর বা অনুমাননির্ভর তথ্যের ওপর নির্ভর না করে সরকারের আনুষ্ঠানিক তথ্যের ওপর ভরসা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।





