এআই ছবির দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর ফিচার আনছে গুগল

প্রকাশ:

এআই প্রযুক্তিতে তৈরি ছবি ও ভিডিও থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুবিধা আনতে যাচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, খুব শিগগিরই গুগলের ন্যানো বানানা, ওমনি ও লিরিয়া মডেলে এই সুবিধা যুক্ত করার জন্য একটি টগল বাটন চালু করা হবে। পরবর্তীতে জেমিনি এবং ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম ফ্লোতেও এই ফিচারটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তকরণের সুবিধার্থে গুগলের এসব মডেলে তৈরি ছবি ও ভিডিওতে একটি পরিচিত ‘স্পার্কল’ আইকন প্রদর্শিত হয়। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলে তাদের তৈরি কনটেন্ট থেকে দৃশ্যমান এই চিহ্নটি সরিয়ে ফেলতে পারবেন। তবে গুগলের এই সিদ্ধান্তটি এআই কনটেন্ট শনাক্তকরণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, দৃশ্যমান ওয়াটারমার্ক সাধারণ ব্যবহারকারীদের জন্য এআই কনটেন্ট চেনার একটি সহজ উপায়, যা সরিয়ে ফেললে সাধারণ চোখে এআই কনটেন্ট শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়বে।

এই বিষয়ে গুগল জানিয়েছে, দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুযোগ দেওয়া হলেও তাদের অদৃশ্য ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক এবং ‘সিটুপিএ’ মেটাডেটা অক্ষত থাকবে। এগুলি বন্ধ করার কোনো টগল অপশন থাকবে না। তবে সিন্থআইডি বা সিটুপিএ তথ্য যাচাই করতে ব্যবহারকারীকে বাড়তি পদক্ষেপ নিতে হবে, যেমন কোনো চ্যাটবটকে জিজ্ঞাসা করা বা নির্দিষ্ট পোর্টালে কনটেন্ট আপলোড করে যাচাই করা। ফলে দৃশ্যমান চিহ্নের মতো তাৎক্ষণিকভাবে কনটেন্টের উৎস বোঝার সুযোগ থাকবে না।

উডওয়ার্ড আরও জানিয়েছেন, যে সব দেশে আইনগতভাবে দৃশ্যমান ওয়াটারমার্ক বাধ্যতামূলক, সেসব অঞ্চল ছাড়া প্রায় সব জায়গাতেই এই নতুন সুবিধা চালু করা হবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি এআই স্বচ্ছতা নিয়ে নতুন নিয়ম চালু করেছে, যেখানে বাস্তব বলে মনে হতে পারে এমন ডিপফেক কনটেন্টে দৃশ্যমান ওয়াটারমার্ক দেওয়া বাধ্যতামূলক। তাই এসব অঞ্চলে গুগলের এই নতুন সুবিধা পাওয়া যাবে না। দক্ষিণ কোরিয়াতেও এআই-নির্মিত কনটেন্টের দৃশ্যমান লেবেলিং নিয়ে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গুগলের ভাষ্যমতে, এই পরিবর্তনের মাধ্যমে সৃজনশীল স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। যারা সৃজনশীল কাজে এআই ব্যবহার করেন, তাদের জন্য দৃশ্যমান ওয়াটারমার্ক অনেক সময় অসুবিধার কারণ হতে পারে। এদিকে, প্রযুক্তি শিল্পে এআই কনটেন্টের স্বচ্ছতা নিয়ে একাধিক উদ্যোগ দেখা যাচ্ছে। মিউজিক জেনারেশন প্ল্যাটফর্ম সুনো নতুন ‘ট্রান্সপারেন্সি টুলস’ চালুর ঘোষণা দিয়েছে এবং অ্যানথ্রপিক তাদের ক্লড মডেলে অদৃশ্য সিটুপিএ-ভিত্তিক ওয়াটারমার্ক যুক্ত করার কথা জানিয়েছে। সব মিলিয়ে গুগলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন দৃশ্যমান লেবেলের পাশাপাশি অদৃশ্য প্রযুক্তি ও মেটাডেটার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

শেয়ার করুন