মাসে ১০০ কোটির বেশি মানুষ ব্যবহার করছে গুগলের জেমিনি এআই

প্রকাশ:

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট জেমিনি প্রতি মাসে ১০০ কোটির বেশি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটির এআই বিভাগে বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার এক সপ্তাহ পর মঙ্গলবার গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গুগলের ১৪তম পণ্য হিসেবে জেমিনি ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেবা বা পণ্য হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে। গুগলের পুরো ইকোসিস্টেমে কতজন মানুষ জেমিনি অ্যাপ ব্যবহার করছেন, সেই হিসাবের ভিত্তিতেই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এআই বিভাগে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার সময় গুগলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির এআই গবেষণাগার গুগল ডিপমাইন্ডে বেশ কিছু পরিবর্তন এসেছে। রসায়নে নোবেলজয়ী ডেমিস হাসাবিস সম্প্রতি গুগল ডিপমাইন্ডের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া জেফ ডিনের মতো প্রতিষ্ঠানটির প্রায় তিন দশক ধরে প্রকৌশল কার্যক্রমের সাথে যুক্ত থাকা শীর্ষ গবেষকরাও চলে গেছেন। এদিকে, গুগলের নতুন প্রধান মডেল জেমিনি ৩.৫ প্রো জুনে উন্মোচনের কথা থাকলেও তা এখনও প্রকাশ করা হয়নি। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো বেশ কয়েকটি শক্তিশালী মডেল বাজারে এনেছে। বিশেষ করে কম্পিউটার কোড তৈরি বা কোডিংয়ের ক্ষেত্রে এআই খাতে প্রতিযোগিতা তীব্র হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও গুগলের বড় শক্তি হলো তাদের বিশাল ব্যবহারকারীভিত্তি। সার্চ, জিমেইল, গুগল ম্যাপস ও ইউটিউবের মতো নিজেদের বিভিন্ন সেবায় জেমিনি এআইকে যুক্ত করে প্রতিষ্ঠানটি তাদের অবস্থান শক্তিশালী করছে। অন্যদিকে, জুলাই মাসে ওপেনএআই জানিয়েছিল যে চ্যাটজিপিটি-র নেতৃত্বে তাদের সমস্ত ইন্টারফেস মিলিয়ে ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নে পৌঁছেছে। তবে এই সংখ্যাটি মাসিক নাকি সাপ্তাহিক, তা নির্দিষ্ট করে বলা হয়নি। সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠান ওপেনএআই ২০২২ সালের নভেম্বরে বিনামূল্যে চ্যাটজিপিটি অ্যাপ চালুর মাধ্যমে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ার সৃষ্টি করে এবং চার বছরেরও কম সময়ে শূন্য থেকে বিশাল ব্যবহারকারী গোষ্ঠী গড়ে তোলে। ব্যবহারকারীর এই পরিসংখ্যান ওপেনএআই-এর শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার জন্য প্রতিষ্ঠানটি জুনে গোপনে আবেদন জমা দিয়েছে।

শেয়ার করুন