শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ বিমান কর্মী আটক

প্রকাশ:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউস। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১৩.৯২ কেজি, যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন যে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে স্বর্ণ চোরাচালান করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে কাস্টমস ও প্রিভেন্টিভ টিম বিমানটিতে তল্লাশি চালানোর জন্য প্রস্তুতি নেয়।

বিমানটি পরিষ্কার করার পর মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা বের হওয়ার সময় বিমানবন্দর সিকিউরিটি গার্ডের সহায়তায় তাদের তল্লাশি করা হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো: সোয়েব গাজীর পরিহিত বেল্টের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উদ্ধার করা বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে ইনভেন্টরি করা হয়, যেখানে ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এনবিআর-এর প্রাথমিক ধারণা অনুযায়ী, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অত্যন্ত কৌশলে এই স্বর্ণগুলো দেশে আনা হয়েছিল এবং বিমানবন্দর এলাকার বাইরে পাচারের পরিকল্পনা ছিল।

ঢাকা কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ প্রচেষ্টায় এই চোরাচালান প্রতিরোধ সম্ভব হয়েছে। বর্তমানে জব্দকৃত স্বর্ণগুলো বিমানবন্দরের মূল্যবান গুদামে সংরক্ষিত রয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন