সপ্তাহের শুরুতেই দেশের বাজারে কমলো সোনার দাম

প্রকাশ:

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

অন্যান্য ক্যারেটের সোনার গহনার ক্ষেত্রেও দাম কমানো হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম সবমিলিয়ে ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ২৫ আগস্ট সকালে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা করা হয়েছিল, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ৫৯ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৬৫ হাজার ৯২০ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।

শেয়ার করুন