দেশের বাজারে আবারও সোনার গহনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে আসার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগের দিন, ১৩ জুলাইও ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। সেই হিসেবে গত দুই দিনে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই সোনার গহনা বিক্রি হয়েছে। বাজুসের এই নতুন নির্ধারিত দাম ১০টা থেকে বাজারে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




