দেশের বাজারে সোনার গহনার দামে বড় ছাড়

প্রকাশ:

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে গত ১০ জুলাই সোনার দাম বাড়ানো হয়েছিল, যার তিনদিনের মাথায় এই সমন্বয় করা হলো।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই গহনা বিক্রি হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত সব দাম ভ্যাটসহ প্রযোজ্য হবে।

শেয়ার করুন