দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় এবং আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্যতালিকা কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই দাম কার্যকর থাকবে। অলঙ্কারের মজুরি এবং পাথর সংক্রান্ত নিয়ম আগের মতোই বহাল থাকবে এবং স্বর্ণালঙ্কার বিক্রির সময় আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে সর্বশেষ গত ৬ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৩ বার দাম বাড়ানো এবং ৪৪ বার কমানোর ঘটনা ঘটেছে। এছাড়া গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ভরিতে ২৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৫৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৭ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। গত ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন দুপুর সোয়া ১২টা থেকেই।




