দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশ:

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। শুক্রবারও নির্ধারিত এই দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ার কারণে স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত এই বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

স্বর্ণ ও রুপার গহনা কেনাবেচা বা বিনিময়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়মগুলোই বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর থাকবে।

শেয়ার করুন