গ্লাসগো ২০২৬: কমনওয়েলথ গেমসের নতুন মডেলের সফল পথচলা

প্রকাশ:

মাত্র ১৮ মাসের প্রস্তুতিতে আয়োজিত গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমস ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের একটি নতুন মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। একটি স্বাধীন মূল্যায়ন প্রতিবেদনে গেমসটিকে ব্যয় সংকোচন, পরিবেশবান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক আয়োজনের সফল উদাহরণ হিসেবে অভিহিত করা হয়েছে। নতুন কোনো স্টেডিয়াম নির্মাণ না করে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে।

এবারের আসরে ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১০টি ক্রীড়া এবং ছয়টি প্যারা ক্রীড়া ডিসিপ্লিনে অংশ নিয়েছেন। মোট ২১৫টি পদক ইভেন্টে ১ হাজার ১৬৮টি পদক বিতরণ করা হয়েছে। গেমস চলাকালে ভেন্যু, লাইভ সাইট এবং গ্লাসগো ২০২৬ ফেস্টিভ্যাল মিলিয়ে ৬ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ সরাসরি অংশ নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিউ সংখ্যা প্রায় ৫০ কোটিতে পৌঁছেছে। এছাড়া চার হাজারের বেশি স্বেচ্ছাসেবক ১ লাখ ৫৬ হাজার ১১০ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন।

প্যারা ক্রীড়ার সর্বোচ্চ অন্তর্ভুক্তি ছিল এই গেমসের অন্যতম বড় সাফল্য। ইতিহাসে প্রথমবার ছয়টি প্যারা ডিসিপ্লিনে ৪৭টি পদক ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং গেমসের প্রথম স্বর্ণপদকটি আসে প্যারা পাওয়ারলিফটিং থেকে, যা ইংল্যান্ডের মার্ক সোয়ান জয় করেন। পরিবেশ সুরক্ষায় গ্লাসগো নতুন মানদণ্ড স্থাপন করেছে। সব ভেন্যু আট মাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেখানে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে। এছাড়া ৬৩ শতাংশ পরিবহন ছিল সম্পূর্ণ বৈদ্যুতিক এবং খাবারের মেন্যুর ৫৯ শতাংশ ছিল নিরামিষ। অস্থায়ী অবকাঠামোর ৯০ শতাংশেরও বেশি পুনর্ব্যবহার করা হয়েছে এবং প্রায় ১ লাখ প্লাস্টিকের বোতল দিয়ে ভেন্যুর ব্যানার তৈরি করা হয়েছে। কিংস ব্যাটন রিলের অংশ হিসেবে ১১১টি পরিচ্ছন্নতা অভিযানে ১০ লাখ ১৯ হাজার ৫৫৪টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে।

গ্লাসগো ২০২৬-এর প্রধান নির্বাহী ফিল ব্যাটি জানান, এই আয়োজন প্রমাণ করেছে যে নতুনভাবে চিন্তা করলে কম খরচে বড় আন্তর্জাতিক আসর সফল করা সম্ভব। কমনওয়েলথ স্পোর্টের প্রধান নির্বাহী কেটি স্যাডলিয়ারের মতে, এটি ভবিষ্যতের গেমসের জন্য একটি নমনীয় ও টেকসই সেতুবন্ধন তৈরি করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, গ্লাসগো ২০২৬-এর সম্ভাব্য ব্যয় ১৬২ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড, যা ২০১৪ সালের গ্লাসগো (৫৪৩ মিলিয়ন পাউন্ড) এবং ২০২২ সালের বার্মিংহাম গেমসের (৬৮০ মিলিয়ন পাউন্ড) তুলনায় অনেক কম।

এ ছাড়া ৯৯ হাজার ৪০১টি পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ভেন্যুর ব্যানার।

কিংস ব্যাটন রিলের অংশ হিসেবে ১৮৮টি স্থানে ১১১টি পরিচ্ছন্নতা অভিযানে ১৪ হাজার ৩০৪ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে সমুদ্রে যাওয়ার আগেই ১০ লাখ ১৯ হাজার ৫৫৪টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন